জুনিয়র (অনূর্ধ্ব-২০) এশিয়া কাপ হকি টুর্নামেন্টে একই দিনে দুই রকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের নারী ও পুরুষ দলের। চীনে চলমান আসরে হংকংকে উড়িয়ে দিয়ে শতভাগ জয় নিয়েই গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশের মেয়েরা । অন্যদিকে পাকিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ দল।
গতকাল চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে বাংলাদেশ নারী দলের জয়টি ছিল দারুণ দাপুটে। চ্যালেঞ্জার পুলের শেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা। এর আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করা বাংলাদেশ চার ম্যাচের সবগুলোতে জয় পেয়ে শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। হুলুনবুইর সিটিতে ম্যাচের শুরু থেকেই হংকংয়ের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। ম্যাচের ১৯ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া (২-০)। ২৬ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে ব্যবধান হয় ৪-০। দুই মিনিট পর অর্থাৎ ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আইরিন রিয়া (৫-০)। এরপর ৪৮ মিনিটে আবারও গোল করেন লিমা। তাতেই ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই ম্যাচ শেষে চার ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক শারিকা রিমন। পাঁচ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আইরিন রিয়া। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এলিট পুলের তৃতীয় দল দক্ষিণ কোরিয়া অথবা জাপান। শেষ আটের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের নারী দলের।
অন্যদিকে একই দিনে চীনের মোকিতে পুল ‘বি’ এর শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ দল। কাল ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে চাপে পড়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। নবম মিনিটে রানা ওয়ালিদের ফিল্ড গোলে এগিয়ে যায় পাকিস্তান (১-০)। তিন মিনিট পর অর্থাৎ ম্যাচের ১২ মিনিটে আবারও গোল করেন তিনি। ফলে প্রথম কোয়ার্টার শেষেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে রক্ষণ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। পাকিস্তানের আক্রমণ ঠেকানোর পাশাপাশি গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা।
শেষ কোয়ার্টারে ম্যাচের ৫২ মিনিটে মোস্তফা গুলামের ফিল্ড গোলে পাকিস্তানের ব্যবধান হয় ৩-০। এরপর আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে অবশ্য কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে জয়ের দেখা পেয়েছিল তারা। তবে শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে আবারও পরাজয়ের স্বাদ পেল মওদুদুর রহমান শুভর দল।
গ্রুপ পর্বে প্রত্যাশিত ফল না পেলেও বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা ছাড়ছে না বাংলাদেশ। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার জাপানের বিপক্ষে মাঠে নামবে অনূর্ধ্ব-২০ পুরুষ দল। একই টুর্নামেন্টে তাই বাংলাদেশের দুই দলের পথ এখন দুই দিকে। নারী দল টানা চার জয় নিয়ে যখন বিশ্বকাপের দ্বারপ্রান্তে, পুরুষ দল তখন গ্রুপ পর্বের ব্যর্থতা পেছনে ফেলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে।