ভাঙ্গায় ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গ্রেফতারকৃতের নাম মো. আশরাফুজ্জামান মিন্টু (৪৩)। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামে।
রবিবার (২৬ এপ্রিল) রাতে ভাঙ্গা থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, রবিবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী মহল্লার বগাইল টোল প্লাজার একটু পশ্চিমে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সাতক্ষীরা লাইন’ নামক একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আশরাফুজ্জামান নান্টুকে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ৩০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কেকে