সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় নতুন এক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য চালু করতে যাচ্ছে একটি নতুন প্রিমিয়াম সেবা ‘ইনস্টাগ্রাম প্লাস’। নির্দিষ্ট মাসিক সাবস্ক্রিপশন ফি-এর বিনিময়ে এই সেবায় পাওয়া যাবে কিছু বিশেষ ফিচার, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য আগে উপলভ্য ছিল না। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি অনেকটা স্ন্যাপচ্যাটের ‘স্ন্যাপচ্যাট প্লাস’ বা এক্স-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবস্থার মতোই একটি উদ্যোগ।
প্রাথমিকভাবে ফিলিপিন্স, মেক্সিকো এবং জাপানসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের স্টোরি ব্যবহারের অভিজ্ঞতা আরও নিয়ন্ত্রণযোগ্য এবং ব্যক্তিগত করতে এই নতুন সাবস্ক্রিপশন মডেল চালু করা হচ্ছে।
এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা অন্যের স্টোরি দেখতে পারবেন, কিন্তু ভিউয়ার তালিকায় তাদের নাম দেখা যাবে না। অর্থাৎ পরিচয় গোপন রেখেই অন্যের আপডেট দেখা সম্ভব হবে।
নিজের স্টোরি কতজন একাধিকবার দেখেছেন, সেই তথ্যও জানা যাবে। এর মাধ্যমে কোন কনটেন্ট দর্শকদের বেশি আকর্ষণ করছে তা বোঝা সহজ হবে।
সাধারণত ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টা দৃশ্যমান থাকে। তবে প্লাস ব্যবহারকারীদের ক্ষেত্রে সেটি বাড়িয়ে ৪৮ ঘণ্টা পর্যন্ত রাখা হতে পারে।
সপ্তাহে একটি স্টোরিকে বিশেষভাবে ফলোয়ারদের ফিডের শুরুতে তুলে ধরার সুযোগ থাকবে। এতে কনটেন্টের দৃশ্যমানতা বা রিচ বাড়তে পারে।
শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ নয়, ব্যবহারকারীরা চাইলে আলাদা আলাদা দর্শক তালিকা তৈরি করতে পারবেন এবং নির্দিষ্ট স্টোরি নির্দিষ্ট গ্রুপের সঙ্গে শেয়ার করতে পারবেন।
স্টোরিতে সাধারণ লাইক বা রিঅ্যাকশনের পাশাপাশি বিশেষ অ্যানিমেটেড ‘সুপার লাইক’ দেওয়ার অপশন থাকতে পারে।
স্টোরি কে কে দেখেছেন, সেই তালিকা থেকে নির্দিষ্ট কাউকে খুঁজে বের করার জন্য থাকবে সার্চ সুবিধা।
প্রতিটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে এই প্রিমিয়াম সেবার দাম নির্ধারণ করা হচ্ছে বলে জানা গেছে। পরীক্ষামূলক পর্যায়ে ফিলিপিন্সে মাসিক খরচ প্রায় ৬৫ পিএইচপি (প্রায় ১০০ টাকার কাছাকাছি), জাপানে প্রায় ৩১৯ ইয়েন এবং মেক্সিকোতে প্রায় ৩৯ এমএক্সএন নির্ধারণ করা হয়েছে। তবে মেটা জানিয়েছে, এই সেবাটি তাদের বিদ্যমান মেটা ভেরিভায়েড সাবস্ক্রিপশন থেকে আলাদা। মূলত সাধারণ ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা ও ব্যক্তিগত নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যেই এই নতুন সাবস্ক্রিপশন মডেল আনা হচ্ছে।
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কন্টেন্ট আপলোড করছেন? সাবধান হোন
ইনস্টাগ্রামে ‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
কেএসকে