সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায়ই মারা গেছে তিনজন, বাকি একজন ময়মনসিংহে।
একই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৭ শিশু।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯৯টি শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৮৩ শিশুর প্রাণহানি হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়।
আর হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ২৩১ শিশু।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জন। আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে এক লাখ ৬০ হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছে।