চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বলেছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন এবং তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলা ঠিক নয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তার বাসায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর যাওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পর এমন মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মনজুর আলম বলেন, আমি আওয়ামী লীগ করি না। আমার নামে কোনো মামলাও নেই। আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হলাম?

তিনি জানান, চট্টগ্রামে একটি কর্মসূচিতে অংশ নিতে এসে হাসনাত আব্দুল্লাহ তাকে ফোন দেন এবং তার বাসায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে তিনি দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানান। বিকেল তিনটার দিকে হাসনাত তার বাসায় আসেন এবং কিছু সময় অবস্থান করেন।

মনজুর আলম বলেন, এর কিছুক্ষণ পর কিছু স্থানীয় ছেলে বাইরে জড় হয়। পরে হাসনাত আব্দুল্লাহ নিজেই বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সন্ধ্যার দিকে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসার সামনে জড় হওয়া কিছু যুবক নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন। তাদের কেউ কেউ মনজুর আলমকে আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন এবং কেন ওই বাসায় গিয়েছেন, তা জানতে চান।

এ বিষয়ে মনজুর আলম বলেন, আমি তো বিএনপির মেয়র ছিলাম। আমি কী আওয়ামী লীগে যোগ দিছিলাম না কি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যোগ করেন তিনি।

jagonews24

তিনি বলেন, এখানে যারা এসেছিলেন সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সবার বাসা আশপাশের এলাকায়, দাবি করেন মনজুর আলম।

তিনি জানান, ২০১৫ সালের নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এখন তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত।

তিনি কী আগামীতে এনসিপির হয়ে মেয়র নির্বাচন করতে চান? এমন প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, মানুষ এটা নিয়ে কানাঘুষা করছে। আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করবো।

এ নিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান তিনি।

২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন মনজুর আলম এবং ২০১৫ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

এমআরএএইচ/এমআরএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews