কলকাতার বিভিন্ন মসজিদে জুমার আজান মাইকে দেওয়া বন্ধ এবং বিপুলসংখ্যক মসজিদের মাইক খুলে নেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর (ভারপ্রাপ্ত) আল্লামা আব্দুল কাইয়ুয সুবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।

এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মসজিদ থেকে মাইক অপসারণ এবং আজানের স্বাভাবিক প্রচারে বাধা দেওয়ার অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। শব্দদূষণ নিয়ন্ত্রণের আইন থাকলে তা সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। কিন্ত কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়কে টার্গেট করে প্রশাসনিক চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে তা ধর্মীয় স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

তাঁরা বলেন, আজান মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন। শব্দদূষণ নিয়ন্ত্রণের অজুহাতে আজানের অধিকার সংকুচিত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া যায় না। একই আইনের নামে এক ধর্মের উপাসনালয়ে কঠোরতা এবং অন্য ধর্মের ক্ষেত্রে শিথিলতা এ ধরনের দ্বৈতনীতি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। নেতৃদ্বয় বলেন, কলকাতার মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে, তা দূর করার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। মসজিদের মাইক অপসারণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা প্রকাশ এবং বেআইনি বা বৈষম্যমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তাঁরা আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা কোনো রাষ্ট্র বা প্রশাসনের দয়া নয়; এটি নাগরিকের মৌলিক অধিকার।

ভারতের মুসলমানদের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট মহলকেও প্রতিবেশী দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নে নীতিনিষ্ঠ, দৃঢ় ও কূটনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় সতর্ক করে বলেন, ধর্মীয় অধিকার হরণ, বৈষম্যমূলক আইন প্রয়োগ এবং প্রশাসনিক দমন-পীড়নের মাধ্যমে কোনো সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ন্যায়বিচার ও সমঅধিকার নিশ্চিত করাই টেকসই সম্প্রীতির একমাত্র পথ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews