পবিত্র রমজানের মাসের পবিত্রতা ও মানবিকতার শিক্ষাকে ধারণ করে বাগেরহাটের ফকিরহাটে রোজাদার মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ফকিরহাট উপজেলার বিভিন্ন মসজিদ ও বাজার এলাকায় মুসল্লিদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। দিনভর সিয়াম সাধনার পর এই ইফতার সামগ্রী পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা-এ এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই মহতী কার্যক্রমটি বাস্তবায়ন করে সংগঠনের সভাপতি অনিমেষ কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট বাজারের প্যারামেডিকেল ডাক্তার মনিরুজ্জামান, শিক্ষক আক্তারুজ্জামান খান, স্থানীয় ব্যবসায়ী নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সহ-সম্পাদক পল্লব আচার্য ও চিনময় মজুমদার। সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে ছিলেন শেখ জিহাদ হাসান, অর্পা আক্তার ও শেখ রাকিন।
ইফতার বিতরণ শেষে অনুভূতি প্রকাশ করে ডাক্তার মনিরুজ্জামান বলেন,“সারাদিন রোজা থাকার পর ইফতার পাওয়া মানুষের মনে বিশেষ আনন্দ এনে দেয়। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ আমাদের সত্যিই আনন্দিত করেছে। রমজানের দিনে এ ধরনের আয়োজন মানুষের মাঝে তৃপ্তি ও মানবিকতার বার্তা পৌঁছে দেয়।”
শিক্ষক আক্তারুজ্জামান খান বলেন,“বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনগুলো সাধারণ মানুষের পাশে আরও বেশি করে এগিয়ে এলে সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয়।”
ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত মুসল্লিরাও। তারা বলেন, রমজানের সময়ে ইফতার বিতরণ একটি পবিত্র ও মহৎ কাজ। এ ধরনের মানবিক আয়োজনের জন্য তারা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কামাল