যুক্তরাষ্ট্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে ‘আব্দুল মতিন স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র’-এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ।
স্মৃতি সংসদের সভাপতি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ-এর সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন।
বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে আব্দুল মতিন চৌধুরী শুরু থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক।
মোনাজাতে মরহুম আব্দুল মতিন চৌধুরী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য, জিয়া পরিবারের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ কয়েকজন নেতার দ্রুত সুস্থতা কামনাও করা হয়।
অনুষ্ঠানে আব্দুল মতিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান হোসাইন, সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।