দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ভারতীয় দলের কৌশল ও ব্যাটিং অর্ডার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত। তাঁর মতে, ভুল সিদ্ধান্ত ও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে সব দিক থেকেই অপদস্থ হতে হয়েছে ভারতকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ আনে ভারত। ২০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
এরপর ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস-এর জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১৮৭ রানের বড় পুঁজি দাঁড় করায় তারা। প্রায় ৯১ হাজার দর্শকের সামনে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১১ রানেই গুটিয়ে যায় ভারত।
নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করে শ্রীকান্ত বলেন, দায়িত্বজ্ঞানহীন শটই ডুবিয়েছে ভারতকে। বিশেষ করে ইশান কিষান ও আভিশেক শর্মা-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শ্রীকান্তের ভাষায়, 'আগের বলেই মিড-অনে ধরা পড়তে যাচ্ছিল ইশান কিষান, তবুও পরের বলে স্লগ করতে গেল। এমন ঝুঁকির কী প্রয়োজন ছিল? রিঙ্কু সিংকে যেখানেই নামানো হচ্ছে, সে এক অঙ্কেই আউট হচ্ছে। আইসিসি টুর্নামেন্টে চাপ আলাদা, এখানে মানসিক দৃঢ়তাই আসল।'
শুধু ব্যাটারদের নয়, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। শ্রীকান্তের মতে, সুরিয়াকুমার যাদব-এর তিন নম্বরে নামা উচিত ছিল। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের অজুহাতে ব্যাটিং অর্ডার এলোমেলো করাকে ‘হাস্যকর’ আখ্যা দেন তিনি।
বিশেষ করে হার্দিক পান্ডিয়া-কে সাত নম্বরে নামানো নিয়ে বিস্ময় প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তাঁর মতে, চাপের সময়ে হার্দিক পাঁচ নম্বরে কার্যকর হতে পারতেন, কিন্তু অযৌক্তিক সিদ্ধান্তে তাকে নিচে নামানো হয়েছে।
শ্রীকান্তের মন্তব্য, 'ভারত আজ সব দিক থেকেই অপদস্থ হয়েছে। সাধারণত আমরা প্রতিপক্ষকে চাপে ফেলি, আজ তার উল্টো হয়েছে। ভালো ক্রিকেট আর সঠিক মানসিকতাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।'
বিডি প্রতিদিন/মুসা