কাপ্তাই হ্রদের মাঝখানে আপনি, চারদিকে বিস্তৃত জলরাশি, দুই পাশে সবুজ পাহাড়ের সারি—ঈদের ছুটিতে প্রকৃতির এমন সান্নিধ্যে থাকতে চাইলে ঘুরে আসতে পারেন রাঙামাটি। সেখানে কাপ্তাই হ্রদে বেশ কয়েক বছর আগে চালু হয়েছে হাউসবোট। এসব বোটে সারা দিন হ্রদের জলঘেরা সৌন্দর্য ঘুরে দেখার পাশাপাশি রাত্রিযাপনের ব্যবস্থাও রয়েছে। বোটগুলোর আকার অনুযায়ী ১০ থেকে ১৫ কিংবা ১৫ থেকে ৩০ জন পর্যন্ত একসঙ্গে থাকতে পারেন। এতে রয়েছে ডাইনিং স্পেস, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, আধুনিক শৌচাগার, খোলা ডেক ও বিনোদনের নানা সুবিধা। পর্যটকদের চাহিদা অনুযায়ী, পাহাড়ি খাবার ও বারবিকিউ পার্টির আয়োজনও করা হয়।
হাউসবোটে এক দিন এক রাত কিংবা দুই দিন এক রাতের প্যাকেজে ভ্রমণের সুযোগ রয়েছে। চুক্তিভিত্তিক ভাড়ার ক্ষেত্রেও বিভিন্ন সুবিধা দেওয়া হয়।
হাউসবোট কর্তৃপক্ষদের তথ্য অনুযায়ী, দুইভাবে হাউসবোট নিতে পারেন। পুরো হাউসবোট অথবা মাথাপিছু। পুরো হাউসবোট আলোচনাসাপেক্ষ আর জনপ্রতি ৬ থেকে ৯ হাজার টাকা।
রাঙামাটি শহরের পর্যটন কমপ্লেক্স ঘাট, শহীদ মিনার ঘাট, রিজার্ভ বাজার লঞ্চঘাট, সমতা ঘাট, রাজবাড়ি ঘাট ও শিল্পকলা ঘাট থেকে হাউসবোটে ওঠা যায়। এসব বোট পর্যটকদের নিয়ে যায় হ্রদের বিভিন্ন দর্শনীয় স্থানে, যেমন সুবলং ঝরনাসহ আশপাশের দ্বীপ, ভিউ পয়েন্ট ও রেস্টুরেন্ট এলাকায়।