বীমা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
গতকাল ১০ সেপ্টেম্বর ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সেগুনবাগিচাস্থ ডিআরইউ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতা এডভোকেট রুহুল কবির রিজভী ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনের হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনা ও উপস্থিতিতে অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ডিআরইউ’র সদস্যবৃন্দ এবং দেশের ব্যাংক, বীমা, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।