চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ এবং নকআউট ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।

প্রথম দল হিসেবে বিশ্বকাপের এক আসরে দুইবার আড়াই শ’ রানের সংগ্রহ পেল ভারত। চলতি আসরের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে ২৫৬ রান করেছিল স্বাগতিকরা। এ ছাড়া টি টোয়েন্টিতে এ নিয়ে ষষ্ঠবার রেকর্ড আড়াই শ’ বা তার বেশি রান করল ভারত।

জবাবে ৭ উইকেটে ২৪৬ রান তুলে ম্যাচ হারে ইংল্যান্ড। জ্যাকব বেথেলের ৪৮ বলে ১০৫ রানেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড। ভারত-ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালে রান উঠেছে মোট ৪৯৯। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো ম্যাচে দুই দল মিলিয়ে এটিই সর্বোচ্চ রান। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৪৫৯ রান করেছিল।

এই ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩৪টি। ভারত ১৯টি ও ইংল্যান্ড ১৫টি ছক্কা মারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের জন্ম দেয়। চলতি আসরে এর আগে বিশ্বকাপে ৩১ ছক্কায় রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচ।

এবারের আসরে এ পর্যন্ত মোট ৮৮টি ছক্কা হাঁকিয়েছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো টুর্নামেন্টে কোনো দলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি।

এ ম্যাচে ভারত ইনিংসে ছক্কা ১৯টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

চার ছক্কা মিলিয়ে ভারত-ইংল্যান্ড ম্যাচে বাউন্ডারির সংখ্যা ৭৩টি। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ চার-ছক্কা। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সর্বোচ্চ ৬১টি চার-ছক্কা হয়েছিল।

ভারতের বিপক্ষে ৪ ওভার বল করে ৬১ রান দিয়ে ১ উইকেট নেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান খরচার বোলিং এটি।

২০০৭ আসরে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৬০ রান দিয়ে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক হয়েছেন ইংল্যান্ডের বেথেল। ভারতের বিপক্ষে ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

ভারতের হয়ে ৪ ওভারে ৬৪ রান দিয়ে ১ উইকেট নেন স্পিনার বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোনো বোলারের সবচেয়ে বেশি রান খরচার বোলিং এটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চারবার ফাইনালে উঠেছে ভারত। যা সর্বোচ্চ। এ ছাড়া এই নিয়ে ১৫ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। এটিও সর্বোচ্চ।

এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ১৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে অজিরা।

বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। এর আগে পাকিস্তান ২০০৭ ও ২০০৯ এবং শ্রীলঙ্কা ২০১২ ও ২০১৪ সালে টানা দুইবার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews