ফের মার্টিন স্করসেসির পরিচালনায় পর্দায় আসছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ নিয়ে আসছেন হলিউডের দুই আইকন। ভ্যারাইটি বলছে ডিক্যাপ্রিওর সঙ্গে এই সিনেমায় আছেন আরেক অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।
স্করসেসি ও লরেন্স তাদের ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্ট লুক ফটো প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড শীতে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছেন ডিক্যাপ্রিও ও লরেন্স। সিনেমায় তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তাদের সম্পর্ক ঘিরেই আবর্তিত হয়েছে এই সিনেমার কাহিনী।
অনেকেই বলছেন এটি স্করসেসি-ডিক্যাপ্রিওর ২০১০ সালের সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘শাটার আইল্যান্ড’ ঘরানার।
চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয়েছে সিনেমার শুটিং। আশা করা হচ্ছে বছরের শেষ দিকে মুক্তি পাবে ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’। ডিক্যাপ্রিও, লরেন্স ছাড়াও এই সিনেমায় দেখা যাবে ম্যাডস মিকেলসেন, প্যাট্রিসিয়া ক্লার্কসন ও জ্যারেড হ্যারিসের মত তারকাদের।
‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ সিনেমাটি পিটার ক্যামেরনের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। যেখানে দেখা যায় এক মার্কিন দম্পতি ইউরোপের একটি ছোট শহরে হাজির হন একটি শিশুকে দত্তক নিতে। সেখান থেকে শুরু হয় রহস্যে ঘেরা গল্প।
ডিক্যাপ্রিও এর আগে স্করসেসির সঙ্গে ‘দ্য এভিয়েটর’, ‘গ্যাংস অফ ইউ ইয়র্ক’, দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’, ‘শাটার আইল্যান্ড’ এর মত সিনেমায় কাজ করেছেন। লরেন্স প্রথমবার কাজ করবেন এই কিংবদন্তি পরিচালকের সঙ্গে।
এছাড়া লরেন্স ও ডিক্যাপ্রিওকে এর আগে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায় দেখা গেছে।
বিডি প্রতিদিন/নাজিম