সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইসমাইল হোসেন মুক্তাপুর গ্রামের আবুল হারিছের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ইসমাইল হোসেন তার বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এসময় একই বাড়ির জয়নাল আহমদের ছেলে লোকমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি চরমে পৌঁছালে লোকমান ও তার সহযোগিরা ইসমাইল হোসেনের ওপর ছুরিকাঘাত করে। এতে ইসমাইল হোসেন ও তার মা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত