বিশ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো আর্সেনাল। ঘরের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগের জমজমাট লড়াই শেষে ফাইনাল নিশ্চিত করলো মিকেল আর্তেতার দল। মঙ্গলবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথম লেগ ১-১ এ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের মঞ্চে গানাররা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয়বার ফাইনালে উঠল আর্সেনাল। প্রথমবার তারা শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠতে পেরেছিল ২০০৬ সালে। সেবার ফাইনালে বার্সেলোনার কাছে হেরে স্বপ্ন ভেঙ্গেছিল তাদের।
এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে পজেশন রাখায় ও আক্রমণে আর্সেনাল একচেটিয়া আধিপত্য করলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টে যায় চিত্র। তবে পুরো ম্যাচে গোলের জন্য শটের হিসেবে কোনো পক্ষই খুব বেশি দাপট দেখাতে পারেনি। আর্সেনাল ১৩টি আর অ্যাটলেটিকো ৯টি শট নিতে পেরেছে। বেশিরভাগ সময় বল পায়ে রাখলেও, নিজেদের গুছিয়ে নিতে শুরুতে একটু সময় লাগে আর্সেনালের। এরপর গোলের টানা কয়েকটি সহজ সুযোগ তৈরী করেও সফল হতে পারেনি আর্সেনাল ফরোয়ার্ডরা। অন্যদিকে আর্সেনালের আক্রমনগুলো সামাল দিয়ে নিজেদের রক্ষণ ঠিক রেখে গোলের জন্য আক্রমন শানায় অ্যাটলেটিকো। যদিও তা থেকে কোনো ফায়দা আদায় করতে পারেনি তারা।
তাদের প্রতিরোধ ভেঙ্গে যায় প্রথমার্ধের শেষ মিনিটে। ডি বক্সের মধ্যে থেকে লিয়ান্দ্রো ট্রসার্ডের জোরালো শট গোলরক্ষক ঝাঁপিয়ে আটকে পড়ে আটকে দিলেও দলকে তিনি বিপদমুক্ত করতে পারেননি। সামনেই ফাঁকায় দাঁড়ানো বুকায়ো সাকা আলতো টোকায় বল জালে জড়ান। বিরতির পর ৫১ মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি অ্যাটলেটিকো। সতীর্থের বাড়ানো পাস পেয়ে ডি বক্সে গোলরক্ষককে কাটিয়ে গোলে শট নেয়ার আগ মুহূর্তে আর্সেনালকে রক্ষা করেন গ্যাব্রিয়েল মাগালিয়াইস। কিছুক্ষণ পরই গ্রিজমানের শট ঝাঁপিয়ে আটকান ডেভিড রায়া।
প্রতিপক্ষের টানা কয়েকটি আক্রমণের পর ৬৬ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ শাণায় আর্সেনাল। ডি বক্সে পিয়েরো ইনকাপিয়ের পাসে ইয়োকেরেশের শট ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়। সমতায় ফেরার শেষ সুযোগটা নষ্ট করেন বদলি নামা আলেকজান্ডার সরলথ। ডি বক্সে ফাঁকায় বল পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। বাকি সময়ে অ্যাটলেটিকো আর খেলায় ফিরতে পারেনি। ফাইনালে ওঠার আনন্দ -উল্লাসের রং ছড়িয়ে পড়ে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে। সেইসাথে ২০১৬ সালের পর প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার অপেক্ষা আরও বাড়লো স্প্যানিশ দলটির।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews