তিন দফা সময় বাড়ানোর পর আজ দিবাগত রাত ১২টায় রিটার্ন জমার সময় শেষ হচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পর্যন্ত সাড়ে ৪২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। সময় বাড়ানোর আবেদন করেছেন ২০ হাজার করদাতা।
আজ এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তি করদাতারা আজ দিবাগত রাত ১২টা পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।
এনবিআর আরও বলছে, রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন ও অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এনবিআরের ওয়েবসাইটে অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন সহজেই ই–রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন।