টেস্ট-ওয়ানডেতে যেখানে বোরদের আধিপত্য দেখা যেতো, সেই যুগ ছাপিয়ে টি-টোয়েন্টির আবির্ভাব ক্রিকেটকে আরো জনপ্রিয় করার উদ্দেশে। তাতে সুযোগ বাড়ে ব্যাটসম্যানদের লাইমলাইটে আসার। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে বিশ^ মাতিয়ে আজ আরো ক্ষুদ্র সংস্করণ এসে গেছে ক্রিকেটে। তবে টি-টোয়েন্টির আবেদনই দর্শকদের কাছে এখনও বেশি। কারণ ঐ একটাই, রানবন্যা। এখানেই মূল চরিত্রে আবির্ভাব উইকেটের! চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের সেই রান প্রসবা উইকেটেই নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি লড়াই। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি মাঠে গড়াবে বেলা ২টায়।
বাংলাদেশের উইকেট এখন ক্রিকেট বিশে^ এক ধাঁধার নাম। মিরপুরে বেশ স্লো উইকেট হলেও এবার ওয়ানডে সিরিজের দুই ম্যাচ বেশ অপ্রাত্যাশিতভাবে টার্নিং উইকেটে পরিনত হতে দেখা গেছে। সেখানে চট্টগ্রামের উইকেট নিয়ে প্রচলিত ধারণা হচ্ছে রান হবে। তবে শেষ ওয়ানডেতে সেই প্রত্যাশা মেটাতে পারেনি ধূসর ঘাসেভরা পিচ। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংয়ের উপর আস্থা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আশা, ভালো উইকেটই থাকছে, ‘উইকেটটা দেখেছি। উইকেট তো দুই দলের জন্যই সমান থাকবে। যতক্ষণ পর্যন্ত না খেলা হচ্ছে, বলতে পারছি না। তবে দেখে মনে হয়েছে, ভালো উইকেট হবে। নতুন যে কিউরেটর (হেমিং), খুব ভালো উইকেট আমাদেরকে দিচ্ছেন অনেকদিন ধরেই। কাজেই আশা করি, এটাও ভালো উইকেট হবে।’
দূর থেকে দেখলে উইকেটের চেহারা একই। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটির মতোই উইকেটে আছে ঘাসের ছোঁয়া। সেখানে বাউন্স অসমান নয় বলেই মনে হলো দূর থেকে। এমনিতে এই মাঠের উইকেটকে বাংলাদেশের সেরা ব্যাটিং উইকেটগুলোর মধ্যে রাখা হয়। এবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটির উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক না হলেও বেশ প্রাণবন্ত ছিল, যেখানে সহায়তা মিলেছে সবার জন্যই। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি শুরু দুপুর ২টায়। মানে, দিনের ম্যাচ। উইকেটের আচরণের সম্ভাব্য সমীকরণও তাই একটু ভিন্ন।
এই মাঠে এখনও পর্যন্ত দিনের টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে কেবল ৫টি। সেখান থেকে স্কোরের নির্দিষ্ট ঘরানার ধারণা পাওয়া কঠিন। সবশেষ ম্যাচটিতে গত ডিসেম্বরে আগে ব্যাট করে ১১৭ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। তবে ৩৮ বল বাকি রেখে জিতে বাংলাদেশ দেখিয়ে দিয়েছিল, উইকেট ছিল ভালোই। এর আগের ম্যাচটিতে ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৫ রান তুলে বাংলাদেশ জিতেছিল ৯ রানে। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে অবশ্য ১২৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে আগের দুই ম্যাচে আগে ব্যাট করে তারা তুলেছিল ১৯.২ ওভারে ২০৭ ও ১৭ ওভারে ২০২।
অতীতের এই ম্যাচগুলি থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবেন টম ল্যাথাম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের আগে উইকেট দেখার সুযোগ পাননি তিনি। তবে ম্যাচজুড়ে উইকেট একইরকম ভালো থাকবে বলে আশা কিউই অধিনায়কের, ‘আসলে উইকেট এখনও দেখিনি। তবে আগে এখানে যে ম্যাচগুলো খেলা হয়েছে এবং কয়েক দিন আগে এখানে খেলার অভিজ্ঞতা থেকে আমরা যতটা সম্ভব ধারণা নেওয়ার চেষ্টা করব, উইকেটটা কেমন হতে পারে। আমার ধারণা, ৪০ ওভার জুড়েই উইকেটটা বেশ ভালো থাকবে এবং সম্ভবত খুব বেশি পরিবর্তন হবে না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews