করোনা মহামারিতে মানুষের কাজকর্ম যখন বন্ধ হয়ে যাচ্ছিল, চাকরি–বাকরি হারিয়ে সবাই বেকার হয়ে যাচ্ছিলেন, তখন ঘরে ঘরে নারীরা নতুন এক কর্মচাঞ্চল্য তৈরি করেছিলেন। সাংসারিক কাজের বাইরে যে যা সামান্যটুকু পারেন, কোনো এককালে যা শিখেছিলেন, তা নিয়েই সাহস করে নেমে পড়েছিলেন উপার্জনের রাস্তায়।
অনলাইনের মাধ্যমে ‘নারী উদ্যোক্তা’ পরিচয়টি যেন তখন আরও বেশি বড় হয়ে উঠেছিল। মধ্যবিত্ত ঘরের নারীদের নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়ানোর সম্মান বা মর্যাদার জায়গাটা সমাজে প্রতিষ্ঠা পেয়েছিল।
তবে নারী উদ্যোক্তারা করোনার মতো আর মুঠোফোনের পর্দায় পড়ে নেই। পুরোদস্তুর ব্যবসায়ী। হাটে–বাজারে পুরুষদের সঙ্গে প্রতিযোগিতায়ও পিছিয়ে নেই। ফলে ব্যবসায়িক নানা বিরোধে তাঁদের জড়িয়ে পড়াটাও অস্বাভাবিক নয়। আর ব্যবসায়িক বিরোধ যে কতটা নিত্যনৈমিত্তিক ব্যাপার, তা ‘মার্কেট’ ঘুরলেই বোঝা যায়। তেমনই এক বিরোধে জড়িয়ে পড়েছিলেন হয়তো রাজবাড়ী কাপড়বাজারের ব্যবসায়ী জাকিয়া সুলতানা। কিন্তু তাঁকে যেভাবে হেনস্তা হতে হলো, তা চরম অমানবিক।