বিশ্বজুড়ে প্রবল প্রতিবাদ ও চাপ সত্ত্বেও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সম্প্রদায়ের তোয়াক্কা না করে এই ধারা অব্যাহত রাখার বিষয়ে কড়া প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নেতানিয়াহুর কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে কট্টরপন্থীদের সমর্থন ধরে রাখতে এবং ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি অভিবাসনের বড় তরঙ্গ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের অন্যতম কট্টর ডানপন্থী জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তার এই সরকার সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও দ্রুত অনুমোদনের কাজ এগিয়ে নিয়ে চলেছে।

আন্তর্জাতিক আইন এবং এমনকি ইসরায়েলি আইন অনুযায়ী এই ধরণের অস্থায়ী বসতি বা আউটপোস্টগুলো অবৈধ। এগুলো সাধারণত কয়েকটি মোবাইল হোম বা অস্থায়ী কাঠামো দিয়ে শুরু হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের অবৈধ বসতির বিস্তার এবং সেগুলোকে আইনি বৈধতা দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

নিজের সরকারের পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে নেতানিয়াহু বলেন, "পরিসংখ্যানকে উপেক্ষা করা যাবে না। আমরা একসঙ্গে ১০৪টি অবৈধ বসতিকে আইনি বৈধতা দিয়েছি এবং ১৬০টি কৃষি ফার্ম গড়ে তুলেছি। সামনে এ সংখ্যা আরও বাড়বে।"

পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের ওপর চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। গত সপ্তাহেও এক হাজার ২০০টিরও বেশি নতুন বাড়ি নির্মাণের দরপত্র আহ্বান করায় ইউরোপীয় প্রধান নেতারা ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews