ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে জামিয়ার রহমান (৪৫) নামে এক ভুট্টা ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২০ লাখ টাকা ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টার দিকে রংপুর–ডালিয়া মহাসড়কের সোনাখুলী স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী জামিয়ার রহমান (৪৫) দুপুরে ব্যবসায়িক কাজে জলঢাকায় যান। ফেরার পথে সোনাখুলী এলাকায় পৌঁছালে চারটি মোটরসাইকেলে আসা আটজন সন্ত্রাসী তার গতিরোধ করে। তারা তাকে এলোপাথাড়ি মারধর করে নগদ ২০ লাখ টাকা লুট করে। আহত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকেন।
জামিয়ার রহমানের ছেলে সজিব (২৫) জানান, রাত ৮টার দিকে ফোনে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তার (জামিয়ার) ভাতিজা সাফিন ইসলাম (২৬) বলেন, ‘চাচা দীর্ঘদিন ধরে ভুট্টার ব্যবসা করছেন। ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। চারটি মোটরসাইকেলে আটজন ডাকাত এই ডাকাতি করে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিবারের সাথে কথা বলা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মাত্র তিন মাস আগে, ২৯ মার্চ দিবাগত রাতে একই এলাকায় শতাধিক ট্রাক ও মাইক্রোবাস আটকে চালক-যাত্রীদের কাছ থেকে অন্তত ৩৫টি মোবাইল ফোন ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়। সেই ঘটনার পরও ডিমলা থানা পুলিশের তেমন কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ উঠেছে।