প্রচলিত মার্কেটের প্রজেকশন মানচিত্রে আফ্রিকাকে বাস্তবের তুলনায় অনেক ছোট দেখায়। বাস্তবে আফ্রিকার আয়তন প্রায় ৩ কোটি ৩ লাখ বর্গকিলোমিটার- এতটাই বড় যে, এর ভেতরে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইউরোপের বড় একটি অংশ জায়গা পেতে পারে। এমনকি আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়।
১৬ শতকে নৌ-নেভিগেশনের সুবিধার জন্য তৈরি মার্কেটের মানচিত্রে মেরুর কাছাকাছি অঞ্চলগুলো অতিরিক্ত বড় এবং বিষুবরেখার কাছের অঞ্চলগুলো তুলনামূলক ছোট দেখা যায়। ফলে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়ার প্রকৃত আয়তন সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হতে পারে।
এ কারণে গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ‘ইকুয়াল আর্থ’ প্রজেকশন ব্যবহারের পক্ষে প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৬৪টি, বিপক্ষে শুধু যুক্তরাষ্ট্র এবং ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে।
তবে এটি বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়। জাতিসংঘ মার্কেটের মানচিত্র নিষিদ্ধ করেনি; বরং শিক্ষা, প্রতিষ্ঠান ও প্রযুক্তিতে পৃথিবীর স্থলভাগের আয়তন আরো সঠিকভাবে তুলে ধরতে ইকুয়াল আর্থ ব্যবহারে উৎসাহ দিয়েছে। সূত্র : আল-জাজিরা।