চীন আর উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের কাছে হেরে শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ। আজ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৪-০ গোলে।
গোলের বেশ কিছু সুযোগও তৈরি করেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও কয়েকটি গোল বাঁচিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। নৈপুণ্য দেখালেও তিন ম্যাচে মিলি গোল হজম করেছেন ১১টি।
আজ পার্থে শুরু থেকে প্রতি-আক্রমণে জবাব দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু গতি ও শক্তিতে প্রতিপক্ষের বিপক্ষে সুবিধা করতে পারছিল না। এর মধ্যে ম্যাচের ১০ মিনিটে গোল পিছিয়েও পড়ে বাংলাদেশ।
এরপরও দ্বিতীয় গোলের জন্য উজবেকদের বাংলাদেশ অপেক্ষায় রাখে ৬২ মিনিট পর্যন্ত। কিন্তু দ্বিতীয় গোলের পরই যেন ভেঙে পড়ে বাংলাদেশ দল। ৬২ থেকে ৯০ মিনিটের মধ্যে সব মিলিয়ে তিন গোল হজম করে পিটার বাটলারের দল।
এর ফলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগও শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়া থেকে ফিরতে হচ্ছে শূন্য হাতেই।
উজবেকিস্তানের হয়ে জোড়া গোল করেছেন দিলদোরা নোজিমোভা। অন্য গোল দুটি করেছেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভা।
বাংলাদেশ নারী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটল উজবেকিস্তান।