দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে ছাত্রদলের ৪৫টি কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে বিভিন্ন কমিটিতে জায়গা হয়নি অনেক ত্যাগী নেতাকর্মীর। আর এতেই ক্ষুব্ধ তারা। নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে রোববার থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। রাঙামাটিতে সোমবার জেলা ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত পাঁচজন। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বান্দরবানে করা হয় সড়ক অবরোধ। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে তার নিজ জেলা নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পদত্যাগ করেছেন জেলার ১০ নেতা। এছাড়া কিশোরগঞ্জে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙামাটি : রাঙামাটিতে জেলা ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে রবি ও সোমবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা সড়ক অবরোধ করে কঠোর অবস্থান নিলে এ পরিস্থিতির উদ্ভব হয়। সোমবার উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিন বিকাল ৩টার দিকে শহরের জেলা বিএনপি অফিসের আশপাশ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের আশপাশের পৌরসভা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। দাবিটি নিয়ে রোববারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে কঠোর কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিতরা।

একপক্ষে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ ও সাধরণ সম্পাদক নাইমুল ইসলাম রনি এবং অন্যপক্ষে পদবঞ্চিতদের জাবেদ, ফজলু ও সুমন সংঘর্ষে নেতৃত্ব দেন।

বান্দরবান : বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বান্দরবান প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন। টায়ার জ্বালিয়ে এবং অবস্থান কর্মসূচি পালনের কারণে ঘণ্টাখানেক প্রেস ক্লাব সড়কে যানবাহন বন্ধ ছিল। কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের পুরোনো কমিটির সহসভাপতি জসীম উদ্দিন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, অরুণ ময় প্রমুখ। ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, নতুন ঘোষিত কমিটিতে দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা অছাত্র ও দুই সন্তানের বাবা ২০০৩ সালের এসএসসি ব্যাচের বিতর্কিত ব্যক্তি ফরহাদ হোসেন জিকুকে ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে।

নোয়াখালী ও কোম্পানীগঞ্জ : ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের নিজ জেলা নোয়াখালী সদরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সঙ্গে নাছিরের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ বাণিজ্যের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করে। সোমবার দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। পরে তারা জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহসভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ। ‘কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’ ব্যানারে সোমবার দুপুর ১২টায় জেলা শহরের শহীদী মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বক্তৃতা করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews