বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদীর পলাশ আসনের এমপি ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ছাত্রজনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর এ গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে সর্বপ্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। আর এর নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দিকনির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি।
সোমবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ৫ বছর এই সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তিসহ মানুষের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। এ উদ্দেশ্যেই বিএনপি রাজনীতি করে। কারণ বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।
ইফতার মাহফিলে নরসিংদী সদর আসনের এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটি পরিবার। তাই আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংগ্রাম নেই। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমার নরসিংদী তথা সারা দেশকে এগিয়ে নিয়ে যাব। মানুষ তথা জনগণের কল্যাণে আমরা নিজেদের বিলিয়ে দেব। নির্বাচনের পূর্বে বিএনপি যেসব অঙ্গীকার করেছে, তা আমরা পূরণ করব।
নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী সদর আসনের এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন বকুল, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন।
এ সময় বিএনপির জেলা-উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন।