বিশ্বের অন্যতম দীর্ঘ ঝুলন্ত সেতুটি চালুর পর থেকে গত এক দশকে জ্বালানি ও সময় বাবদ তুরস্কের প্রায় ২১১ বিলিয়ন তুর্কি লিরা (৪.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি) সাশ্রয় হয়েছে। বুধবার দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য জানান।
তুরস্কের 'গুলফ অব ইজমিত'-এর সবচেয়ে সংকীর্ণ অংশের ওপর নির্মিত ওসমানেগাজী সেতুটি ৪২৬ কিলোমিটার দীর্ঘ ইস্তাম্বুল-ইজমির মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি গত এক দশক ধরে ইস্তাম্বুল ও তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর মধ্যে যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমিয়ে এনেছে। এই সেতুর ফলে চালকদের আর পুরো উপসাগর ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না, কিংবা ফেরির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হয় না।
মোট ২.৬ কিলোমিটারেরও বেশি (প্রায় ১.৬ মাইল) দীর্ঘ এই সেতুটি চালুর আগে উপসাগর পার হতে সড়কপথে যেখানে দেড় ঘণ্টা এবং ফেরিতে ৪৫ থেকে ৬০ মিনিট সময় লাগত, সেখানে এখন সময় লাগে মাত্র ছয় মিনিট।
তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুলকাদির উরালোলু বলেন, "বিগত ১০ বছরে এই সেতুটি জ্বালানি বাবদ প্রায় ৪০ বিলিয়ন লিরা এবং সময় বাঁচানোর মাধ্যমে ১৭১ বিলিয়ন লিরা সাশ্রয় করেছে। ফলে দেশটির অর্থনীতিতে এর মোট অবদান দাঁড়িয়েছে ২১১ বিলিয়ন লিরা।"
মন্ত্রী আরও জানান, যাতায়াতের সময় কমে আসায় এই এক দশকে কার্বন নির্গমনের পরিমাণও প্রায় ২০ লক্ষ টন হ্রাস পেয়েছে।
সেতুটির ১০ম বার্ষিকী উদযাপন উপলক্ষে মন্ত্রী জানান, মাত্র ৩৯ মাসের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছিল।নির্মাণশৈলীর বিভিন্ন মাইলফলক তুলে ধরে উরালোলু বলেন, এই সেতুটি তৈরিতে ১ লাখ ৯ হাজার ৪৯০ টন ইস্পাত (স্টিল) ব্যবহৃত হয়েছে, যা প্রায় ৭৩,০০০টি গাড়ির ওজনের সমান।
সেতুটির ঝুলন্ত ব্যবস্থায় ব্যবহৃত স্টিলের তারগুলো যদি একের পর এক সোজা করে জোড়া দেওয়া হয়, তবে তার দৈর্ঘ্য হবে ৮৪,৫১৮ কিলোমিটার—যা দিয়ে পুরো পৃথিবীকে দুইবার পেঁচানো সম্ভব।
তিনি আরও জানান, সেতুটির মূল ডেকের (চলাচলের মূল অংশ) আয়তন ৯৬,৩৬৪ বর্গমিটার, যা প্রায় ১৪টি ফুটবল মাঠের সমান।
মন্ত্রী গর্বের সাথে উল্লেখ করেন যে, এই প্রকল্পটির নির্মাণ চলাকালীন বেশ কয়েকটি বিশ্বরেকর্ডও তৈরি হয়েছিল।
এর মধ্যে একটি ২২,৫০০ টন ওজনের বিশাল স্টিল ডেক 'ইনক্রিমেন্টাল লঞ্চিং' পদ্ধতিতে স্থাপন করা হয়েছিল। একটি স্টিল ভায়াডাক্টের (উড়াল সেতু) জন্য এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় অপারেশন। এছাড়া, 'হেভি-লিফ্ট' প্রযুক্তি ব্যবহার করে যথাক্রমে ২,৩০০ টন এবং ২,৬০০ টন ওজনের আরও দুটি ডেক অংশ স্থাপন করা হয়েছিল, যা স্টিল ভায়াডাক্ট নির্মাণে বিশ্বরেকর্ড গড়েছে।