স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আজ পর্যন্ত চীন কোনো হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই বাংলাদেশ থেকে সবকিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করে। কিন্তু চীন করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করবো অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে।

মঙ্গলবার (১৭ মার্চ)  রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এটি চীনের পক্ষ থেকে উপহার বলে জানান জামায়াত আমির। 

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরো বন্ধুত্ব হোক। এই অঞ্চলের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়নের আমরা একসঙ্গে কাজ করব। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে।’

চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের। ১৯৭৬ সালে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার পর থেকে চীন অন্যতম বৃহৎ পার্টনার, উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে। তাদের বন্ধুত্বের নিদর্শন চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবেই চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নেই। পুরাটাই চীনের উপহার।

বিগত ফ্যাসিস্ট আমলে এই বন্ধুত্বের নিদর্শন হাইজ্যাক হয়ে গিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, এই হলটার (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা। এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদের উপহার দিয়েছে। আর তাদের নাম-নিশানাই মিশিয়ে দেয়া হলো। শুধু এক্ষেত্রে তারা এটা করেননি। সারা দেশকেই তারা এভাবে দখল করে নিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখলমুক্ত হয়েছে।

 তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে দল যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। 

এমআর // 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews