বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে তদন্ত কমিটি গঠন করার পর এবার সদ্য শেষ হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না যাওয়ার পিছনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার মিরপুরের একটি স্কুলে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন আমিনুল।

“আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেওয়া হবে। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে সেই বিশ্বকাপটি আমরা খেলতে যেতে পারিনি। কেন এটি হয়েছে, সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব।”

“কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, তাদের কাছে থেকে আমি অবশ্যই চাইব।”

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গেও সম্প্রতি বৈঠক হয়েছে বলে জানালেন ক্রীড়া মন্ত্রী।

“ইতিমধ্যেই আমাদের কোয়াবের মিঠুনের নেতৃত্বে ক্রিকেটারদের একটি দল আমার কাছে এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। আমি আশ্বস্ত করেছি যে, পরবর্তীতে আমরা এই বিষয়গুলো…যেহেতু রমজান মাস চলমান রয়েছে… কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো আমরা ঈদের পরে যাচাই-বাছাই করে পরবর্তীতে পদক্ষেপ নেব।”

কয়েক দিন আগে ক্রীড়া মন্ত্রীর অনুমদনে একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেটি বিসিবির গত নির্বাচনে অনিয়ম, কারসাজি ও সরকারি হস্তক্ষেপের নানা অভিযোগ খতিয়ে দেখবে। সেই তদন্ত কমিটির কাজ এখন চলমান। সেই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ জানিয়ে সোমবার বিবৃতি দেয় বিসিবি। সেখানে বলা হয়, বিসিবির কার্যক্রমে সরকারী হস্তক্ষেপের কারণে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়্গ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews