স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, জাতীয় সংসদের অধিবেশনে গতকাল বুধবার তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। তিনি বলেছেন, এ ধরনের আচরণ কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
গতকাল বুধবার ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিলের আলোচনায় রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে সরকার দলীয় সদস্যদের মধ্যে হইচই হয়, অনেকে অশোভন ভাষা প্রয়োগ করেন। ওই ঘটনার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, বিল নিয়ে কথা বলতে গিয়ে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাতে সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ আছে কি না, তা নিয়েই তাঁর মনে প্রশ্ন তৈরি হয়েছে।