ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিশ্রুত অর্থ পুরস্কার হাতে পেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলের ফুটবলাররা। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে গত ৩ এপ্রিল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ^াসরুদ্ধকর ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। দেশে ফেরার পর রাজধানীর হাতিরঝিলে জমকালো এক অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাফ জয়ী যুবাদের সংর্বধনা দেয়। সেই অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সাফ জয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন।

প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল ডিএনসিসির প্রশাসক ফুটবলারদের হাতে সেই অর্থ পুরস্কার তুলে দেন। ডিএনসিসি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। নাগরিক সেবার পাশাপাশি দেশের ফুটবলের তৃণমূল উন্নয়নেও যে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর, এই আয়োজনের মধ্য দিয়ে সেটি আবারও প্রমাণিত হলো। সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা নিয়েই মূলত কাজ করে। এরপরও ফুটবলের সঙ্গে রয়েছে তাদের বিশেষ সম্পর্ক। পাইওনিয়ার লিগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে। পাশাপাশি সিটি কর্পোারেশনের অনেক মাঠেও ফুটবল খেলা হয়। অনুষ্ঠানে নিজ বক্তব্যে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘সিটি কর্পোরেশন আরও ছয়টি মাঠ খেলার জন্য উন্মুক্ত করছে, এটা দারুণ বিষয়। শুধু মাঠ উন্মুক্ত করলেই হবে না, সংস্কার এবং উন্নয়নও করতে হবে। কোচ কিংবা টেকনিক্যাল সাপোর্ট বাফুফে দেবে।’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। সামনে তাদের লক্ষ্য এশিয়ান কাপ বাছাই উতরে মূল পর্বে খেলা। সেই পর্যায়ে খেললে ফুটবলাররা সিটি কর্পোরেশনকেও ধন্যবাদ দেবেন এমনটাই জানান বাফুফে সভাপতি।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন মাঠ ব্যবহার ও উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি দেন। তার কথায়, ‘আমরা ইতোমধ্যে মাঠ উন্মুক্ত করছি। পাশাপাশি সংস্কার ও ফুটবল উপযোগীর জন্য যা দরকার আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করবো।’
পুরস্কার হিসেবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের সবাইকে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট দেয় ডিএনসিসি। এটা সামান্য হলেও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে বলে জানান প্রশাসক, ‘আশা করি তোমরা সামনে জাতীয় দলে খেলে দেশের মুখ উজ্জ্বল করবে। তোমাদের সামনে নানা বাধা সমস্যা আসবে, সেগুলো উত্তরণের জন্য আজ তোমাদের সামনে ও পেছনে বসা অনেকে রয়েছে। তাদের পাশাপাশি আমিও রয়েছি।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দুই বার উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করেছিলেন। সেই দুই বারই তাবিথের সঙ্গী ছিলেন শফিকুল ইসলাম মিল্টন। তাবিথ আউয়ালকে জনতার মেয়র এবং ফুটবলের প্রতি তার নিবেদনের বিষয়টি তুলে ধরেন, ‘তিনি (তাবিথ) নিজেও একজন ফুটবলার। আগে ফুটবলের অনেক জনপ্রিয়তা ছিল, মাঝে সেটা থমকে গিয়েছিল। তিনি সভাপতি হওয়ার পর আবার সেই জনপ্রিয়তা ফেরানো ও উন্নয়নে কাজ করছেন। ফুটবলের পাশাপাশি তিনি ঢাকা উত্তরের নাগরিকদের জন্যও কাজ করেন অনেক।’ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের স্কোয়াড ছিল ২৩ জনের। সেই ২৩ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান ও লন্ডনের ইব্রাহিম নেওয়াজ- এই তিনজন ছিলেন প্রবাসী। তাদের অর্থ পুরস্কারের চেক দেওয়া হয়েছে পরিবারের কাছে। এসএসসি পরীক্ষার জন্য চারজন উপস্থিত থাকতে পারেননি। তাদের চেক বাফুফে গ্রহণ করেছে। তবে দলের কোচিং স্টাফরা আর্থিক প্রণোদনা পাননি, শুধু ক্রেস্ট পেয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews