মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার কিনে চড়ামূল্যে বিক্রির প্রস্তুতির অভিযোগে ৮০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার আলমখালী বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এসব সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুনন্নাহার জানান, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিম চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে প্রতি বস্তা ডিএপি সার ২ হাজার ১০০ টাকা দরে কিনে আনেন। অথচ সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা।

সরকার নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে সার কিনে তা আরও বেশি দামে বিক্রির প্রস্তুতি নেয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয় এবং সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা সার পরবর্তীতে স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

এদিকে, সার সংকটের সময়ে সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে সার কেনার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বেশি দামে সার কেনাবেচা ও মজুতের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে তাদের উৎপাদন খরচ আরও বেড়ে যেতে পারে।

কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয়ব্যবস্থায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার কেনাবেচা ও মজুতের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews