ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবার বসছে রেকর্ড আটটি ভেন্যুতে। প্রথমবারের মতো টুর্নামেন্টের আয়োজক শহরের তালিকায় যুক্ত হয়েছে সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়াম, এটি এতদিন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করলেও সিপিএলের কোনো ম্যাচ পায়নি।
এ পর্যন্ত আর্নস ভেল স্টেডিয়ামে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচটি ম্যাচও ছিল। তবে এবারই প্রথম এই মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগটির ম্যাচ আয়োজন করা হবে।
আয়োজক দেশগুলোর তালিকায় আরও রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বারবাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া এবং ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।
লিগের প্রধান নির্বাহী পিট রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন অঞ্চলগুলোতে টুর্নামেন্ট সম্প্রসারণ তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
এবারের আসরে আরও একটি নতুনত্ব যোগ হচ্ছে, ফিরছে জ্যামাইকান ফ্র্যাঞ্চাইজি। ‘জ্যামাইকা কিংসমেন’ নামে নতুন দল নিয়ে প্রথমবারের মতো সাতটি দল অংশ নেবে সিপিএলে।
আগামী ৭ আগস্ট শুরু হবে সিপিএলের চতুর্দশ আসর। টুর্নামেন্টের শেষ পর্ব—দুটি কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ১৬ থেকে ২০ সেপ্টেম্বর বারবাডোজে অনুষ্ঠিত হবে।
তবে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি আয়োজকরা।
বিডি প্রতিদিন/এম.এস