এক সময় স্কুলজীবন পার না করলে হাতে মোবাইল ফোন পাওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু প্রযুক্তির বিস্তার আর অনলাইন পড়াশোনার কারণে এখন ছোট বয়সেই অনেক শিশুর হাতে পৌঁছে যাচ্ছে স্মার্টফোন। পড়াশোনা বা যোগাযোগের জন্য তাদের ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন মেসেজিং অ্যাপ।

তবে অল্প বয়সে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে অনেক সময় শিশুরা অজান্তেই অনুপযুক্ত কনটেন্ট বা অনিরাপদ যোগাযোগের ঝুঁকিতে পড়ে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন অভিভাবকেরা।

এই সমস্যার সমাধানে নতুন একটি সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অভিভাবকেরা সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। অর্থাৎ সন্তানের মেসেজিং কার্যক্রম সম্পর্কে নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তনের সুযোগ থাকবে তাদের হাতে।

এই বিশেষ ধরনের অ্যাকাউন্টে কিছু ফিচার সীমিত রাখা হয়েছে। যেমন চ্যানেল, স্ট্যাটাস আপডেট বা মেটার এআই সুবিধা এখানে থাকবে না। এছাড়া ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ বা ‘ভিউ ওয়ান্স’ ধরনের অপশনও ব্যবহার করা যাবে না। মূলত নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার জন্য এখানে কেবল ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপে মেসেজ পাঠানোর সুযোগ রাখা হয়েছে।

অভিভাবকরা চাইলে খুব সহজেই সন্তানের এই অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। এজন্য বাবা-মায়ের ফোন এবং সন্তানের ফোন একসঙ্গে রাখতে হবে। এরপর নিজের অ্যাকাউন্ট থেকে সন্তানের ডিভাইসে থাকা একটি কিউআর কোড স্ক্যান করলে দুটি অ্যাকাউন্ট একসঙ্গে যুক্ত হয়ে যাবে। এতে অভিভাবক সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর নজর রাখতে পারবেন এবং প্রয়োজন হলে পিন বা প্রাইভেসি সেটিংসও পরিবর্তন করতে পারবেন।

তবে সন্তান নির্দিষ্ট বয়স পার করার পর এই নিয়ন্ত্রণ স্থায়ীভাবে থাকবে না। যখন ব্যবহারকারীর বয়স নির্ধারিত সীমা অতিক্রম করবে, তখন অ্যাকাউন্টকে সাধারণ ব্যবহারের জন্য রূপান্তর করার একটি নোটিফিকেশন পাঠানো হবে। সেই পরিবর্তনে সম্মতি দেওয়ার জন্য অভিভাবকদের একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হবে।

এই নতুন উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য অনলাইন যোগাযোগকে আরও নিরাপদ করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। এতে একদিকে যেমন বাচ্চারা প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবে, অন্যদিকে অভিভাবকেরাও তাদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবেন।

আরও পড়ুন
ইনস্টাগ্রামে ‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে যেসব সুবিধা পাবেন

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews