ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত তরুণদের 'জেন-জি' (Gen Z) বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পেলেট গান, টিয়ার গ্যাসের গ্রেনেড ও ইলেকট্রিক শক শটগান ব্যবহারের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক সর্বশেষ তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির দাবি, বিক্ষোভ দমনে ভারতীয় নিরাপত্তা বাহিনী নিজস্ব নীতি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

পেলেট গান ও মারাত্মক অস্ত্রের ব্যবহার
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা খাতের অনিয়মের প্রতিবাদে গত ২০ জুলাই দিল্লির পার্লামেন্ট স্ট্রিটে ‘কাকরোচ জনতা পার্টি’ (CJP) সমর্থিত হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভ প্রদর্শন করেন। সেই বিক্ষোভ দমনে পুলিশ ও আধা-সামরিক বাহিনী সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে পেলেট গান (ছররা বন্দুক) ও টিয়ার গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 'এভিডেন্স ল্যাব' ভিডিও, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে, বিক্ষোভকারীদের ওপর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধাতব পেলেট ব্যবহার করা হয়েছে। ১৯ বছর বয়সী সাহিল লোচাব নামের এক শিক্ষার্থী জানান, তার শরীরে ২০০টিরও বেশি পেলেট বিদ্ধ হয়েছে এবং তিনি এক চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন।

দিল্লি পুলিশের অস্বীকার ও অভ্যন্তরীণ তথ্য
ঘটনার পর দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে পেলেট বন্দুক ব্যবহারের বিষয়টিকে "ভুয়ো খবর" বা 'ফেক নিউজ' বলে দাবি করে এবং সর্বোচ্চ আদালতে মিথ্যা তথ্য পরিবেশন করে। তবে অ্যামনেস্টির সংগৃহীত প্রমাণ এবং আধা-সামরিক বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে অন্তত সাত রাউন্ড পেলেট কার্তুজ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে।

অ্যামনেস্টি ইন্ডিয়ার বোর্ড চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, "যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা ও ব্যারিকেড দিয়ে আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টার পর এই সহিংসতা চালানো হয়েছে। এটি ছিল জনতা নিয়ন্ত্রণের নামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সহিংসতা।"

উত্তপ্ত ভারতের রাজনীতি
এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ধর্না কর্মসূচিতে অংশ নেন এবং পেলেট ব্যবহারের ঘটনায় মামলা দায়ের করতে বাধ্য করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews