৮০ বছর বয়সে মারা গেলেন রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু। দেশের জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগের পাঁচ দিন পরই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি এই কোচের মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমেছে শোকের ছায়া।

গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করার কারণে পদত্যাগ করেছিলেন লুসেস্কু। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘রোমানিয়ান ফুটবল কেবল একজন কোচকে হারায়নি, বরং একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককেও হারিয়েছে।’

৪৭ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে লুসেস্কু ইউরোপের বড় বড় সব ক্লাবে নিজের ছাপ রেখে গেছেন। ইন্টার মিলান, গালাতাসারাই, বেসিকতাস, শাখতার দোনেৎস্ক এবং ডায়নামো কিয়েভের মতো ক্লাবগুলো তার হাত ধরে সাফল্যের চূড়ায় পৌঁছেছিল। গালাতাসারাইয়ের হয়ে উয়েফা সুপার কাপ জয় এবং শাখতারের হয়ে উয়েফা কাপ জয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।

খেলোয়াড় হিসেবে ১৯৭০ সালে বিশ্বকাপে রোমানিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন লুসেস্কু। কোচ হিসেবে ১৯৮৪ সালে দেশটিকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নিয়ে যান। ২০২৪ সালে দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব নেন। গত ২৬ মার্চ তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচটিই ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ডাগ-আউট।

ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের মতো বড় ক্লাবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লুসেস্কুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। রোমানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাভান বার্লানু বলেন, ‘আজ রোমানিয়া এবং বিশ্ব ফুটবলের জন্য একটি কালো দিন। তিনি কেবল একজন কোচ ছিলেন না, ছিলেন প্রজন্মের পর প্রজন্ম খেলোয়াড়দের জীবন গড়ার কারিগর।’

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews