যারা আন্দোলন করছে তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
এক ঘন্টা আগে যারা আন্দোলন করছে তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবির ক্যাপশান,
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে "তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না" বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে একটু ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।"
তিনি জানান, শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীকে ও সরকারকে জানিয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাথে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
আর পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল থাকার পেছনে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই প্রশ্ন দু'টির নম্বরও দেওয়া হবে- বলেন মন্ত্রী।
"একটি মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন। সেজন্য শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখপ্রকাশ করেছেন।"
যৌক্তিক দাবিগুলো পূরণের পরও আন্দোলন চালানোর প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে বিব্রত করতে কিছু মহল এটা করছে এবং "সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না।"
"এই ট্রেন্ডটা ইন্টেরিম সরকারের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে গিয়ে পরীক্ষা
স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া। এসব অপকালচার তখন দেখা গিয়েছে।
তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি যে কারণে সেই প্রবণতা এখনও দেখা যাচ্ছে। তবে
শিক্ষার মান ক্ষুণ্ন হোক এমন কোনো বিষয় আমরা অ্যালাউ করবো না," বলেন তিনি।
এদিকে, বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্ত্রী বলেন, "শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিকশন চুক্তি অনুযায়ী (পত্র দিয়েছি), ইন্টেরিম সরকারের সময়েও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই।"
"তিনি বিচারের মুখোমুখি হোক। ইতোমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কি না, সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে দেশে ফিরলে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার সুযোগ থাকে, সেটা আইন-আদালত বুঝবে। তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে," বলেন সালাহউদ্দিন আহমদ।
শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার ফেরত আসুন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।