চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজধানীর উত্তরখান এলাকার আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।  তারা মোটরসাইকেল যোগে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। 

চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহণ নামে একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews