রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শতভাগ আবাসন নিশ্চিত, অনাবাসিক ভাতা চালু, পূর্ণাঙ্গ মেডিক্যাল সেবা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাবি শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবি শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসন সঙ্কটের কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য অনাবাসিক ভাতা চালু করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে সিনেটের ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন করতে হবে।

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। একই সাথে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ইতোপূর্বেও রাবি ছাত্রশিবিরের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে ছাত্রশিবির।

রাবি শিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানের পরিচালনায় সংবাদ সম্মেলনে অফিস সম্পাদক শামীম পাটোয়ারী, অর্থ সম্পাদক আহমেদ ফারহান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ বিভিন্ন হলের শিবির নেতারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews