প্রবাস ডেস্ক ::

আগামী ৮ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। নতুন এই ফি কাঠামো ওই দিন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হোম অফিস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিজিট ভিসার ফি বিভিন্ন মেয়াদে বৃদ্ধি পাচ্ছে। ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসা ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। ২ বছর মেয়াদি ভিজিট ভিসা ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসা ৬৯ পাউন্ড বৃদ্ধি পেয়ে ১,১২৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

একাডেমিক কাজের জন্য ৬ থেকে ১২ মাস মেয়াদি ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হয়েছে। একই হারে বেসরকারি চিকিৎসা ভিসার ফিও বৃদ্ধি পাচ্ছে। ট্রানজিট ভিসার ক্ষেত্রে বিমানবন্দরে আড়াই পাউন্ড এবং স্থল সীমান্তে সাড়ে ৪ পাউন্ড ফি বাড়ানো হয়েছে।

ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে আশ্রয় নিতে ইচ্ছুকদের জন্য ভিসা ফি ১৯৭ পাউন্ড বাড়ানো হয়েছে।

দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) ক্ষেত্রে যুক্তরাজ্যের বাইরে থেকে আবেদন করলে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বাড়বে। একইভাবে, যুক্তরাজ্যের ভেতরে আবেদন করলে ৩ বছর পর্যন্ত ৫৮ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বৃদ্ধি পাবে।

দক্ষ হেলথ কেয়ার কর্মীদের জন্য ৩ বছর পর্যন্ত কাজের আবেদন ফি ২০ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ৩৮ পাউন্ড বাড়ছে। সিজনাল ওয়ার্কারদের ক্ষেত্রেও ফি ২১ পাউন্ড বৃদ্ধি করা হয়েছে।

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী ও তার নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনেও অতিরিক্ত ৭২ পাউন্ড ফি দিতে হবে।

নতুন এই ফি বৃদ্ধির ফলে যুক্তরাজ্যে ভ্রমণ, পড়াশোনা ও কাজের জন্য আগ্রহীদের ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews