মহাকাশ থেকে ধারণ করা এক মনোমুগ্ধকর চলমান ভিডিও প্রকাশ করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মহাকাশচারী জেসিকা মেয়ার। ভিডিওটিতে পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা বজ্রঝড়ের ঝলকানি, আফ্রিকার অন্ধকার ভূখণ্ড এবং আলোকিত নীল নদের অসাধারণ দৃশ্য ধরা পড়েছে। মহাকাশ থেকে দেখা রাতের পৃথিবীর অন্যতম প্রিয় দৃশ্য বলে উল্লেখ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথ থেকে ধারণ করা। এতে শুরু এবং শেষ অংশে শক্তিশালী বজ্রঝড়ের আলোর ঝলক দেখা যায়। মাঝের অংশে পশ্চিম থেকে পূর্ব দিকে আফ্রিকার ওপর দিয়ে মহাকাশ স্টেশনের যাত্রাপথ ফুটে উঠেছে।
ভিডিওর বর্ণনায় জেসিকা মেয়ার লিখেছেন, রাতের আকাশের এই চলমান ভিডিওতে বজ্রঝড়ের দৃশ্য দেখা যায়। এরপর আফ্রিকার ওপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করার সময় চারপাশ বেশ অন্ধকার দেখা যায়। তারপর হঠাৎ নীল নদের আঁকাবাঁকা আলোকিত রেখা চোখে পড়ে। অপেক্ষার মূল্য তখনই পাওয়া যায়। পরে কায়রো ও নীল নদের বদ্বীপ অঞ্চলের উজ্জ্বল আলো পুরো দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তোলে।
ভিডিওটিতে দেখা যায়, আফ্রিকার বিস্তীর্ণ এলাকা প্রায় অন্ধকারে ঢাকা। এর মধ্যে উজ্জ্বল আলোর ফিতার মতো নীল নদের পথ স্পষ্ট হয়ে ওঠে। মহাকাশযান সামনে এগোতে থাকলে নদীর আলোকিত প্রবাহ আরও দৃশ্যমান হয়। এরপর কায়রো এবং আশপাশের বদ্বীপ অঞ্চলের উজ্জ্বল আলো পুরো দৃশ্যকে আলোকময় করে তোলে।
জেসিকা মেয়ার বলেন, এই দৃশ্য পৃথিবীতে পানিসম্পদের গুরুত্বের একটি শক্তিশালী উদাহরণ। তার ভাষায়, এটি দেখায় যে পৃথিবীর পানির উৎসগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং মানবসভ্যতা কীভাবে এসব উৎসকে ঘিরে গড়ে উঠেছে।
ভিডিওটি পৃথিবীর আবহাওয়াব্যবস্থারও একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। মহাকাশের অন্ধকার পটভূমিতে বজ্রঝড়ের ক্ষণস্থায়ী কিন্তু তীব্র আলোর ঝলক পৃথিবীর প্রাকৃতিক বৈচিত্র্যের এক অনন্য চিত্র ফুটিয়ে তুলেছে।
বিডিপ্রতিদিন/কেকে