ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার এক বছরেরও বেশি সময় পর চলমান বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে এস. পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সি এই ইতালিয়ান কোচ জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নেওয়া সিদ্ধান্ত, নরওয়ের বিপক্ষে আসন্ন শেষ ষোলোর লড়াই এবং নেইমারকে ঘিরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

নরওয়ের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আনচেলত্তি। বিশেষ করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই কঠিন হয়ে ওঠে।

আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপের এই পর্যায়ে এসে সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে শুধু কৌশলগত বা প্রযুক্তিগত বিষয় নয়, মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখে। নরওয়ে একটি শক্তিশালী দল, তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। হালান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি আমরা ভালো খেলতে পারব।’  

জাপানের বিপক্ষে ম্যাচে নেইমারকে শুরুর একাদশে না রাখা এবং অতিরিক্ত সময় পর্যন্ত বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন ব্রাজিল কোচ। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার এখন খেলতে সক্ষম। ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে আশাবাদী এই কোচ।

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খেলতে পারে। কিন্তু সে কতক্ষণ খেলতে পারবে, তা কেউ নিশ্চিতভাবে জানে না। ম্যাচের গতি ও ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। আমি যখন মনে করব দলের তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব,’ বলেন আনচেলত্তি।  

আরও পড়ুন

আরও পড়ুন

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্রোয়েশিয়ার কোচ বললেন, ‘রেফারিং খুবই বাজে ছিল’

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্রোয়েশিয়ার কোচ বললেন, ‘রেফারিং খুবই বাজে ছিল’

কাফ ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি জানান, ‘হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারে।’

তবে বেঞ্চে বসে থাকতে পেরে নেইমার যে সন্তুষ্ট নন, সেটিও স্বীকার করেছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘সে খুশি নয়, কিন্তু তার আচরণ অসাধারণ। খুব ভালোভাবে অনুশীলন করছে। সে ভীষণ শ্রদ্ধাশীল ও ভদ্র, আর সতীর্থদের কাছেও খুব প্রিয়। দলের জন্য সে গুরুত্বপূর্ণ, কারণ তার সামর্থ্য আছে এবং সে খুবই বিনয়ী। আমি তাকে নিয়ে খুব সন্তুষ্ট। অবশ্যই সে খেলতে চায়, যেমন সব সময় চেয়েছে। একজন ফুটবলার কখনোই বেঞ্চে বসে থেকে খুশি থাকতে পারে না।’

বর্তমান ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়রই কি সবচেয়ে বড় তারকা—এমন প্রশ্নেরও জবাব দেন আনচেলত্তি। তিনি বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারকা খেলোয়াড় ভক্তদের জন্য প্রয়োজন হতে পারে। কিন্তু জাতীয় দলে আমরা কোনো একক তারকা চাই না। আমরা চাই এমন উচ্চমানের খেলোয়াড়, যারা দলকে সাহায্য করতে পারে।’  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews