বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য ছিলেন। পেশায় তিনি খামারি ছিলেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছলে তিন যুবক তার পথরোধ করে। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপায়। পরে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়।

ওসি ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, “হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews