নাটোর রেলস্টেশনে ভুলবশত ট্রেন থেকে নেমে পড়া এক শিশুকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। গতকাল ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, রাশিদুল ইসলাম নামে এক যাত্রী কল করে জানান তিনি পরিবারসহ দিনাজপুরের পার্বতীপুর থেকে পাবনার ঈশ্বরদী যাওয়ার উদ্দেশে রূপসা এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। পথে নাটোর স্টেশনে ট্রেন থামলে তাঁর ছয় বছরের মেয়ে মরিয়ম আক্তার ভুল করে নেমে পড়ে। তবে তাকে তোলার আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে আসে। ৯৯৯ থেকে বিষয়টি তৎক্ষণাৎ রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীকে জানানো হয়। নাটোরে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তাবাহিনীর একটি দল স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে নিজেদের জিম্মায় রাখে। পরে শিশুটির বাবাকে বিষয়টি জানানো হলে তিনি নাটোরে এসে তাঁর মেয়েকে সুস্থ অবস্থায় বুঝে নেন।