ইতালয়ান সিরি সি ক্লাব রাভেন্না এফসিতে যোগ দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সী এই তারকা ক্লাবের শেয়ারও কিনেছেন, তবে তিনি মাঠে নেমে আবার গোল করার চেষ্টা করবেন কি না তা স্পষ্ট করেননি।
২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রোনালদিনহো বৃহস্পতিবার দুপুরে ফোরলি বিমানবন্দরে নামেন। পরে শহরের সমুদ্রসৈকতে আয়োজিত “রোনালদিনহো ডে”-তে হাজারো সমর্থক বৃষ্টির মধ্যেও তাকে দেখতে ভিড় করেন। সাবেক পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের এই তারকা ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন।
২০২৪ সাল থেকে রাভেন্নার মালিক তার বন্ধু ইগ্নাজিও চিপ্রিয়ানি। দলকে প্রথমবার ইতালির শীর্ষ লিগে তোলার লক্ষ্য তার।
চিপ্রিয়ানি বলেন, “এটি পুরো শহরকে দলের সঙ্গে আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ। নতুন মৌসুমে আনন্দ ও উচ্ছ্বাস তৈরি করাই লক্ষ্য।” তিনি নিশ্চিত করেছেন, সোমবার রেজিয়ানার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে রোনালদিনহো খেলবেন না।
রোনালদিনহোকে জিজ্ঞেস করা হলে তিনি কি ক্লাবের হয়ে মাঠে নেমে ক্যারিয়ারের ৩০০তম গোল করবেন, তিনি হাসি দিয়ে বলেন, “যদি তা হয়, তবে আরও সুন্দর হবে। আমি জানি না, এটা সভাপতির ও কোচের ওপর নির্ভর করছে। আমি এখানে এসেছি বন্ধুত্বের কারণে। দল ভালো করলে আমরা অপেক্ষা করব। আমি সাহায্য করতে এখানে।”
গত মৌসুমে গ্রুপ বি-তে তৃতীয় হয়েছিল রাভেন্না এবং ২০০৮ সালের পর প্রথমবার সিরি বি-তে ফেরার চেষ্টা করছে।