ঘরে ঘরে যখন কোরবানির আনন্দ, তখনই ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় বসে ব্যতিক্রমধর্মী মাংসের বাজার। এই বাজারে বিক্রেতা ও ক্রেতা—উভয়ই মূলত কোরবানি দেওয়ার সামর্থ্যহীন নিম্নআয়ের মানুষ। শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংসই এখানে বিক্রি হয়। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে।

বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শহরের পৌর মার্কেট এলাকা, ফকিরাপুল, টি এ রোড, জেলা পরিষদ মার্কেটসংলগ্ন রেলক্রসিং, স্টেশন, কাউতলী, হাসপাতাল রোড, মহিলা কলেজ গেট ও বি-বাড়িয়া মার্কেট এলাকায় এসব অস্থায়ী বাজার বসে।

দুপুরের পর থেকেই দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিভিন্ন বাসাবাড়ি থেকে পাওয়া মাংস নিয়ে বাজারে আসেন। কেউ গরু জবাই বা শ্রমের পারিশ্রমিক হিসেবে পাওয়া মাংস বিক্রি করেন। আবার কেউ বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা মাংস এনে বিক্রি করেন।

অন্যদিকে, যারা আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে পারেননি কিংবা বাজারমূল্যে মাংস কিনতে অক্ষম, তারাও ভিড় করেন এই বাজারে। তুলনামূলক কম দামে মাংস কিনে ঈদের আয়োজন করেন অনেক পরিবার।

শহরের মেড্ডা এলাকার রিপন মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ, কোরবানি দিতে পারি না। পরিবারের পাঁচজন মিলে বিভিন্ন বাসাবাড়ি থেকে মাংস সংগ্রহ করি। এবার প্রায় ১২ কেজি মাংস পেয়েছি। এর মধ্যে পাঁচ কেজি নিজেদের জন্য রেখেছি, বাকি সাত কেজি বিক্রি করেছি।’

বিরাসার এলাকার মরম আলী বলেন, ‘পাঁচজন মিলে একটি বাসায় গরু জবাইয়ের কাজ করেছি। টাকার পাশাপাশি কিছু মাংসও দিয়েছে। সংসারের প্রয়োজনেই সেগুলো বিক্রি করতে এনেছি।’

ফুলবাড়িয়া এলাকার চান্দু মিয়া বলেন, ‘ঈদের দিন বিভিন্ন বাসায় গেলে মাংস পাওয়া যায়। সব মাংস নিজেরা খেয়ে শেষ করা সম্ভব হয় না। তাই কিছু রেখে বাকিটা বিক্রি করি।’

ক্রেতাদের অনেকেই জানান, অর্থাভাবে কোরবানি দিতে না পারায় তাঁরা এই বাজার থেকেই কম দামে মাংস কিনেছেন। কেউ কেউ ৫০০ টাকা কেজি দরে মাংস কিনে পরিবারের জন্য ঈদের খাবারের ব্যবস্থা করেছেন।

স্থানীয়দের দাবি, কিছু হোটেল ও রেস্টুরেন্ট মালিকও তুলনামূলক কম দামে মাংস কিনতে এই বাজারে আসেন। সাধারণ সময়ে যে মাংস দ্বিগুণ দামে কিনতে হতো, ঈদের দিনে তা অনেক কম দামে পাওয়া যায় এখানে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews