মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটালি হাপসহ হোয়াইট হাউসের তিন কর্মকর্তাকে ছুটির উপহার হিসেবে ৪৫ হাজার ডলার করে দিয়েছেন। প্রশাসনের প্রকাশ করা কর্মকর্তাদের বার্ষিক আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে।
উপহার পাওয়া কর্মকর্তারা হলেন- নির্বাহী সহকারী নাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং ওভাল অফিস অপারেশনের উপপরিচালক চেম্বারলেইন হ্যারিস। এ ছাড়া একই দপ্তরের পরিচালক ওয়াল্ট নাউটাকে দেওয়া হয়েছে ২০ হাজার ডলার।
হার্প, মার্টিন ও হ্যারিসের বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার করে। নাউটার বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার। একজন হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী এ উপহার দেয়া হয়েছে এবং এগুলো তাঁদের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয়। ফলে সংশ্লিষ্ট আইন ও নৈতিক বিধিমালা অনুযায়ী উপহারগুলো বৈধ।
নাটালি হার্পকে প্রায়ই ট্রাম্পের পাশে দেখা যায়। তিনি ট্রাম্পের জন্য সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রিন্ট করে রাখেন। মার্গো মার্টিন ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই তাঁর সঙ্গে কাজ করছেন। আর ওয়াল্ট নাউটা আগে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। সূত্র : এপি।