নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান অল্পের জন্য ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছে। মলদোভা থেকে উড্ডয়নের সময় বিমানটির কাছাকাছি একটি রুশ ড্রোন ছিল বলে জানিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। পরে মলদোভা সরকারের একজন মুখপাত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার জেলেনস্কির বিমান উড্ডয়নের আগেই ঘটনাটি ঘটে। ওই সময় একটি রুশ ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করেছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আকাশসীমা বন্ধ করে দেওয়া হলে জেলেনস্কিকে বহনকারী বিমানটি নির্ধারিত সময়ের পরে উড্ডয়ন করে।

পরে ড্রোনটি মলদোভার ভূখণ্ডে ভেঙে পড়লে বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

অসলো সফরে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জেলেনস্কি। পাশাপাশি প্রতিরক্ষা খাতের নির্বাহীদের সঙ্গেও বৈঠকে অংশ নেন তিনি। এসব আলোচনায় ইউরোপের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ফ্রেয়া’ জোরদার ও যৌথভাবে বাস্তবায়নের বিষয়টি উঠে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউরোপের আকাশ সুরক্ষিত রাখা সবার যৌথ দায়িত্ব। ‘ফ্রেয়া’ প্রকল্পের মাধ্যমে দ্রুত বাস্তব ফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এইচএসএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews