দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অপ্রতুল বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ অবস্থায় স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নে চিকিৎসকদের সঙ্গে ব্যবসায়ী সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বুধবার (৪ মার্চ) রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিভিন্ন মেডিকেল কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার আনুপাতিক হারে চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয়। সরকার আরও ডাক্তার নিয়োগসহ সার্বিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাইরে থেকে আমরা যতটা খারাপ শুনি, বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ নয়। প্রায় ১২০ বছর পুরোনো এই হাসপাতালের একাধিক অপারেশন থিয়েটার (ওটি) ঘুরে দেখেছি। অন্তত আটটি ওটিতে ঢুকেছি- কোথাও ছারপোকার উপস্থিতি দেখিনি। তেলাপোকা থাকলেও কম। রোগীদের খাবারের মান নিয়েও সন্তুষ্টি পেয়েছি। তবে উন্নতির আরও অনেক জায়গা রয়েছে, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায়।
আরও পড়ুন
রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র
ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
সরদার সাখাওয়াত হোসেন বলেন, এক বিশেষ উদ্যোগের মাধ্যমে ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক ওটি স্থাপন করা হয়েছে, যা যে কোনো উন্নত হাসপাতালের সঙ্গে তুলনীয়। একইভাবে আরও আধুনিক ওটি গড়ে তুলতে তিনি ব্যবসায়ী মহল ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, অনেক ব্যবসায়ী আছেন, তাদের জন্য এক কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ওটি নির্মাণ করা বড় বিষয় নয়। আপনারা নিজ নিজ যোগাযোগ ব্যবহার করে এ ধরনের উদ্যোগ নিতে পারেন। যদিও এরই মধ্যে কয়েকটি গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে।
এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো অনাকাঙ্ক্ষিত প্রভাব নেই বলেও দাবি করেন মন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর ১২-১৪ দিনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কোনো অযাচিত প্রভাব আমাদের কার্যক্রমে পড়ছে না।
চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জানান, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় আন্তরিক। বিধির মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে জনকল্যাণে দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আজিজুর রহমান।
এসইউজে/কেএসআর