মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে টানা ৬ মৌসুম খেলেছেন মালির তারকা সুলেমান দিয়াবাতে। লম্বা সময় ক্লাবটিকে যেন ঘরই বানিয়ে ফেলেছিলেন। ফেডারেশন কাপ ও লিগ শিরোপা জয়ের পেছনেও ছিল বড় অবদান। সেই দিয়াবাতে এ মৌসুমে মোহামেডান ছেড়ে যোগ দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডে। তার গোলেই আবাহনীর কাছে হারল মোহামেডান।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচে প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে থেকে স্কোরবোর্ডে জয় লেখায় আবাহনী।
জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আকাশী-নীল জার্সিধারীরা। ১২ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট ২২। ১১ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা স্পোর্টিং ক্লাব। ছয়ে থাকা মোহামেডান নেমে গেছে সাতে, ১২ ম্যাচে জয় কেবল দুটি।
একমাস পর পুনরায় শুরু হওয়া লিগে শুক্রবার তিন ম্যাচ হয়েছে। অন্য দুই ম্যাচে ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়ন ফকিরাপুলকে ও পিডব্লিউডি রহমতগঞ্জকে হারায়। ব্রাদার্স ১৩ পয়েন্টে ছয়ে আর পিডব্লিউডি ১০ পয়েন্ট নিয়ে আছে ৮ নম্বরে। ফকিরাপুলেরও পয়েন্ট ১০, তবে গোল ব্যবধানে তারা নয় নম্বরে আর রহমতগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে।