বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার ও বিএনপি অঙ্গীকারাবদ্ধ। সে কারণেই ২০২৬-২৭ সালের প্রস্তাবিত অর্থ বছরে পরিবেশ খাতকে সর্বোচ্চ গুরত্ব দেয়া হয়েছে। এই  বাজেটে ৫ বছরে ২৫ কোটি নতুন বৃক্ষ রোপন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সবুজ কর্মসংস্থান, এক শিশু এক গাছ, পরিবেশ বান্ধব চাষাবাদসহ উপস্থাপিত পদক্ষেপে তারেক রহমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও লক্ষ্য প্রতিফলিত হয়েছে। 

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ঘোষিত বাজেটকে দেশবাসী, অর্থনীতিবিদ এবং বোদ্ধা মহল ইতিবাচক বললেও জামায়াত-এনসিপি নেতারা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রমাণ করেছেন তাদের মস্তিস্ক, মন, চোখ ও কানের চিকিৎসা প্রয়োজন। 

শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ময়মনসিংহ জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রিন্স।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে তাঁর নির্বাচনী অঙ্গীকার ‌‌‘৫‌ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন। এরপর ধোবাউড়ায় জেলা পরিষদের ডাক বাংলো চত্বরে গাছের চারা রোপন করে ময়মনসিংহ জেলায় জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন প্রিন্স। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা পরিষদ আগামী ১৮০ দিনে জেলার বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের নিজস্ব স্থাপনা ও প্রকল্পভুক্ত এলাকায় প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবে।

এ উপলক্ষে ধোবাউড়ায় জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের অর্থনীতিবিদগণ প্রস্তাবিত বাজেটকে ‘অন্য যেকোনো সময়ের চেয়ে একটি চিন্তাশীল বাজেট, মানবিক অর্থনীতি গড়ার চেষ্টা, অর্থনীতিতে গতিশীলতা ও চাঞ্চল্য আনার জন্য সরকারের প্রচেষ্টা’ হিসেবে চিহ্নিত করলেও আমাদের বিরোধী নেতারা বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটবান্ধব’ বলে আখ্যা দিয়ে প্রমাণ করেছেন তারা মানসিকভাবে অসুস্থ। 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিতে হবে এবং প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের বক্তব্য রাখেন। 

এ সময় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বিএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews