ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র আবকাইকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) থেকে প্রাপ্ত সর্বশেষ স্যাটেলাইট চিত্রে সৌদি আরামকোর এই স্থাপনা থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।
গত বুধবার ইরানের পক্ষ থেকে চালানো সম্ভাব্য হামলার খবরের পরপরই এই ছবিগুলো সামনে আসে।
স্যাটেলাইট চিত্রটি স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে ধারণ করা হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার অল্প সময় পরের ঘটনা। আরামকোর তথ্যমতে, বিশ্বের বৃহত্তম এই অপরিশোধিত তেলশোধনকেন্দ্রটি বিশ্ববাজারের মোট চাহিদার প্রায় ৫ শতাংশ সরবরাহ নিশ্চিত করে। এখান থেকেই মূলত অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ শেষে সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূলীয় পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন দেশে রফতানি করা হয়।
বর্তমানে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা ও যুদ্ধের কারণে সমুদ্রপথের বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে সংযোগকারী এই পাইপলাইনটি সৌদি আরবের তেল রফতানির প্রধান বিকল্প পথ হয়ে দাঁড়িয়েছে। ফলে আবকাইক স্থাপনায় এই ক্ষয়ক্ষতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের পূর্বাভাস দিচ্ছে।
তবে এই অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি আরামকোর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কেএইচটি